এআই দক্ষতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, অংশ নিলেন ১৯২ জন
5 November 2026 —
এআই দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার আধুনিক প্রয়োগিক কৌশল শিখলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের এটুআই (a2i) প্রকল্পের যৌথ উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ৪ ও ৫ নভেম্বর অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ও কর্মকর্তাদের উচ্চতর শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা ও ভবিষ্যৎ কর্মসংস্থানের উপযোগী বিভিন্ন এআই টুলের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালায় মোট ১৯২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন, যার মধ্যে বিভিন্ন বিভাগের স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তরের ১৫৪ জন শিক্ষার্থী এবং ৩৮ জন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা রয়েছেন। প্রশিক্ষণ সেশনগুলোতে কার্যকর প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অ্যাকাডেমিক গবেষণা ও নিবন্ধ লিখন, তথ্য যাচাইকরণের উপায় এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে স্বয়ংক্রিয় অডিও-ভিডিও কনটেন্ট ও প্রেজেন্টেশন তৈরির কৌশল শেখানো হয়। এছাড়া ‘ভাইব কোডিং’-এর মাধ্যমে সহজে ওয়েব অ্যাপলিকেশন ও ওয়েবসাইট তৈরির প্রাথমিক ধারণা লাভ করেন অংশগ্রহণকারীরা।
প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও বিভিন্ন সেশনে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। বক্তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রযুক্তির আধুনিক ধারার সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়াও কর্মশালায় এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মুহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ফাতেমাতুল জান্নাত, এটুআই-এর ফিউচার অব ওয়ার্ক বিভাগের প্রধান সালাহউদ্দিন মোহাম্মদ উজ্জ্বল এবং যোগাযোগ বিভাগের প্রধান মোহাম্মদ শফিউল আজম বক্তব্য দেন। রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. তোহিদুল আলম ও ড. তানজিম মাহমুদও এতে অংশ নেন। এটুআই-এর প্রোগ্রামার ফরিদ উদ্দিন আহমেদ খন্দকার এবং আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার রিয়াজুল ইসলাম প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন।
দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের নীতিগত দিকগুলো এই প্রশিক্ষণে প্রাধান্য পায়। এআই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে তথ্যের যথার্থতা রক্ষা, ডেটা সুরক্ষানীতি এবং সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবেলার বিষয়ে প্রশিক্ষণার্থীদের সচেতন করা হয়। আলোচকরা উল্লেখ করেন, বিশ্বজুড়ে কর্মসংস্থান ও সেবাদান প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বৈপ্লবিক পরিবর্তন আনছে। ফলে পরিবর্তনশীল বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিভিত্তিক সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করা আবশ্যক।
উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তবমুখী প্রয়োগ সম্প্রসারণ এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে বর্তমান কর্মক্ষেত্রের চাহিদার সমন্বয় ঘটানোর গুরুত্ব ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা। এই আয়োজনের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির চর্চা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Published with WpNewblog — www.rameshpoudel.com