
Blog
এআই প্রযুক্তি সমাধান নিয়ে বাংলাদেশ এআই বিজনেস সামিটে বিটোপিয়ার চার উদ্ভাবন
7 November 2026 —
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’-এ নিজস্ব ৪টি আধুনিক এআই প্রযুক্তি সমাধান উন্মোচন করে নজর কেড়েছে শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান বিটোপিয়া লিমিটেড। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে দেশীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় হ্রাস, কর্মদক্ষতা বৃদ্ধি ও ডেটা সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এসব এআই সেবা তুলে ধরা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন আগামী ৭ নভেম্বর শেষ হতে যাচ্ছে।
সম্মেলনে প্রদর্শন করা বিটোপিয়ার সর্বাধুনিক এআই প্রযুক্তিগুলোর মধ্যে অন্যতম হলো ‘বিজনেস ব্রেইন’। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ইআরপি (ERP) সমাধান, যা প্রতিষ্ঠানের দৈনন্দিন জটিলতা নিরসনে অত্যন্ত কার্যকরী। এর মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠানের বিক্রয়, উৎপাদন, সরবরাহ শৃঙ্খল, হিসাবরক্ষণ এবং কর্মী ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা সম্ভব হয়, যা নীতিনির্ধারকদের দ্রুত এবং নিখুঁত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
দর্শনার্থী ও গ্রাহক সেবা স্বয়ংক্রিয় করার উদ্দেশ্যে মেলায় উন্মোচিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রিসেপশনিস্ট ‘জয়া’ (Joya)। বিটোপিয়ার সহকারী ব্যবস্থাপক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. কবিরুল ইসলাম জানান, হাসপাতাল, ব্যাংক, হোটেল এবং বিভিন্ন করপোরেট সংস্থায় আগত দর্শনার্থীদের প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এবং নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করতে সক্ষম এই প্রযুক্তি। ফলে ফ্রন্ট ডেস্কে কর্মীদের কাজের চাপ কমে আসার পাশাপাশি সেবা গ্রহীতাদের সময় সাশ্রয় হবে।
প্রযুক্তির এই যুগে বাণিজ্যিক ও সরকারি ডেটার নিরাপত্তা নিশ্চিত করতে বিটোপিয়া নিয়ে এসেছে ডেডিকেটেড এআই এজেন্ট ‘বেটো’ (Beto)। ঢাকায় স্থাপিত ডেডিকেটেড জিপিইউ (GPU)-তে চালিত এই এআই এজেন্টটি অন্য কোনো গ্রাহকের সঙ্গে শেয়ার করা হয় না। ফলে স্পর্শকাতর সরকারি ও ব্যাংকিং তথ্য দেশের বাইরে না গিয়ে সম্পূর্ণ সুরক্ষিত থাকে। প্রতিষ্ঠানগুলো চাইলে নিজস্ব প্রাইভেট ক্লাউড বা সার্ভারেও এটি চালাতে পারবে এবং এসব তথ্য দিয়ে অন্য কোনো আন্তর্জাতিক এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয় না।
এছাড়া দেশের অভ্যন্তরেই অত্যন্ত সাশ্রয়ী খরচে স্থানীয় জিপিইউ ব্যবহারের সুবিধা দিতে বিটোপিয়া ইনফারেন্স ক্লাউড ‘কিউসর’ (QSor) উন্মোচন করেছে। এই সেবাটির মাধ্যমে যেকোনো প্রতিষ্ঠান বা ডেভেলপার ওপেন সোর্স এআই মডেল চালাতে পারবেন এবং যতটুকু ব্যবহার করবেন কেবল ততটুকুর জন্যই খরচ প্রদান করবেন। একটি লাইভ ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যবহার ও খরচের হিসাব রিয়েল-টাইমে দেখা যাবে এবং এপিআই (API)-এর মাধ্যমে ডেভেলপাররা তাদের তৈরি চ্যাটবট বা অ্যাপ্লিকেশন সহজে যুক্ত করতে পারবেন।
বাণিজ্যিক প্রবৃদ্ধির সাথে তথ্য সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশীয় প্রযুক্তির এমন প্রয়োগ বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মিল্কিওয়ে হলের ২৮ নম্বর স্টলে বিটোপিয়ার এই এআই প্রযুক্তি সমাধানগুলো প্রদর্শন করা হচ্ছে, যেখানে প্রতিদিন বিপুল সংখ্যক ব্যবসায়ী ও প্রযুক্তিপ্রেমী ভিড় জমাচ্ছেন।
Also read
- নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ: সরকার ব্যবস্থা নিয়ে জামায়াত আমিরের প্রশ্ন
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: তরুণদের মেধা ও শক্তিতে দেশ গড়ার আহ্বান
- প্রাইভেসি অ্যাভেঞ্জার্স ২০২৬: রবির প্রতিযোগিতায় সেরা ১০ দলকে পুরস্কার প্রদান
- শিশু-কিশোরদের খেলাধুলা বিষয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, দিলেন সরঞ্জাম দেওয়ার আশ্বাস
- বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে সরকার: স্বাস্থ্য সম্মেলনে ড. জাহিদ হোসেন
- স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা: যশোরে পরকীয়া সন্দেহে স্বামী আটক
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
