জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউএফটিবিতে বিশেষ আলোচনা সভা

image (2)

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশে (ইউএফটিবি) এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. মুক্তার আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম, প্রগতিশীল চিন্তা ও জাতীয় ঐক্যের চেতনা জাগ্রত করার আহ্বান জানান।

এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা জাকিয়া নাইমের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় মূল আলোচক হিসেবে ঐতিহাসিক প্রেক্ষাপট উপস্থাপন করেন ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. আশিকুচ্ছালেহীন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মুক্তার আলী বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসে এক গভীর প্রভাব বিস্তারকারী অধ্যায়। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য ও শিক্ষা নতুন প্রজন্মের সামনে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা থেকে শিক্ষা নিয়ে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও উন্নত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

বিশেষ এই আলোচনা সভায় সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রকিব হোসেন, শিক্ষক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার মুহাম্মদ আতাউর রহমান খান, সহকারী রেজিস্ট্রার মো. ইউনুস পাটোয়ারী এবং সহকারী নেটওয়ার্ক ও হার্ডওয়্যার প্রকৌশলী বিমলেশ সাহা বক্তব্য প্রদান করেন। এ সময় শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ইন্টারনেট অব থিংস অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সিফাত আল হুজাইফা ও তাহমিদ হোসেনও নিজেদের ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানের সমাপ্তিতে উপাচার্য জোর দিয়ে বলেন, মতের ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে জাতীয় স্বার্থে সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত তরুণদের মাঝে মুক্তচিন্তা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষা এবং জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করেই দেশ এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Share Post:
Facebook
WhatsApp
Email
Telegram