Marketing

ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি রাশেদ আলী ও সম্পাদক হুমায়ূন কবীর

wnb news 1790953399 1mlhwl

রাজধানীর স্থানীয় গণমাধ্যমকর্মীদের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর ২০২৬-২৮ মেয়াদের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটিতে সভাপতি হিসেবে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক আল মোহাইমিনুল খান।

রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংগঠনটির দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর (ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার) সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন) আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃবৃন্দের নাম প্রকাশ করেন। আধুনিক তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরের নতুন যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা নিশ্চিত করতেই নতুন এই নেতৃত্বের আত্মপ্রকাশ।

ঘোষিত কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীরা। সিনিয়র সহসভাপতি পদে এনটিভির জাহিদ রহমান এবং সহসভাপতি পদে দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু) নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মানবজমিনের রাশিম মোল্লা এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা মনোনীত হয়েছেন।

সংগঠনের অর্থ সম্পাদক পদে প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক পদে একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. মাহমুদুর রশিদ নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে ইয়াসির আরাফাত (কুশল), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে মো. আবুল কাশেম, আইন ও কল্যাণ সম্পাদক পদে মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক হিসেবে সৈয়দা রিমি কবিতা দায়িত্ব পালন করবেন।

এ কার্যনির্বাহী পরিষদে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), শাহরিয়ার জামান দীপ, দেলোয়ার হোসেন বাদল, মো. খোরশেদ আলম জুয়েল, হোমায়রা মাহমুদা ফারুকী এবং আনোয়ার হোসেন পিন্টু। সাধারণ সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে সংগঠনের গঠনতন্ত্রের বেশ কিছু সংশোধনী প্রস্তাব অনুমোদন করেন।

দ্বি-বার্ষিক সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের চিফ রিপোর্টার দিপন দেওয়ান ঢাকার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার ওপর জোর দেন। একই সঙ্গে একটি আধুনিক, টেকসই ও নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে ঢাকা সাংবাদিক ফোরাম-এর নবনির্বাচিত কমিটিকে সময়োপযোগী ও কার্যকর ভূমিকা রাখার তাগিদ দেন।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *