সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার ও বনকর্মীদের ওপর হামলা: বিষ বিক্রেতাসহ গ্রেফতার ৩

image (2)

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার এবং টহলরত বনকর্মীদের ওপর সশস্ত্র হামলার অপরাধে বিষ বিক্রেতাসহ একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর কঠোর নির্দেশনার পর বাগেরহাটের মোংলা ও দাকোপ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিদের রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন মোংলার জয়মনি এলাকার বাসিন্দা মো. সোহেল শেখ (৩৬), তার স্ত্রী লাইজু বেগম (৩২) এবং মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২)। এদের মধ্যে বিষ প্রয়োগে বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ ধ্বংস করার পাশাপাশি বন বিভাগের ওপর হামলায় সরাসরি অংশ নেন সোহেল ও তার স্ত্রী লাইজু।

মামলার বিবরণে জানা যায়, গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমানের নেতৃত্বে বনকর্মীরা নিয়মিত টহলে ছিলেন। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে একদল মৎস্য শিকারি বিষ প্রয়োগ করে মাছ ধরছে দেখতে পেয়ে বনকর্মীরা তাদের ব্যবহৃত একটি নৌকা জব্দ করতে যান। এ সময় চোরা শিকারিরা দেশীয় ধারালো অস্ত্র ও নৌকার বৈঠা নিয়ে বন টহল দলের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও তাদের নৌকার চালক এরশাদ আলী গুরুতর আহত হন।

পরবর্তীতে এ ঘটনায় ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান বাদী হয়ে সোহেল শেখ, লাইজু বেগমসহ চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে দাকোপ থানায় একটি মামলা করেন। সুন্দরবনের সংবেদনশীল পরিবেশ ধ্বংস ও সরকারি কাজে বাধা দেওয়ার এ ঘটনাটি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নজরে আসলে তিনি জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশের পর শনিবার রাতে দাকোপ ও মোংলা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে জয়মনি এলাকা থেকে মূল অভিযুক্ত সোহেল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা বাজারের সার ও বিষ বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে তারা মাছ মারার এ বিষ সংগ্রহ করেছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কীটনাশক বিক্রেতা সেলিমকেও হাতেনাতে গ্রেফতার করে।

দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সুন্দরবনে অবৈধভাবে বিষ ব্যবহার ও বনকর্মীদের ওপর হামলার মামলায় গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিষ দিয়ে মাছ ধরার মতো মানবসৃষ্ট অপরাধের বিরুদ্ধে আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের চক্রের শিকড় উৎপাটনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Share Post:
Facebook
WhatsApp
Email
Telegram