সচিব সভা থেকে সরকারি দপ্তরে ডিজিটাল হাজিরা ও সৌরবিদ্যুৎ ব্যবহারের কড়া নির্দেশ
20 September 2026 —
সচিব সভা থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিতে অবিলম্বে ডিজিটাল হাজিরা চালু এবং আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ প্রায় দুই বছর পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে সচিবালয়ে সরকারের প্রশাসনিক কার্যক্রমের শীর্ষ সমন্বয় প্ল্যাটফর্মের এই বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধি, অনিয়ম ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণসহ গুরুত্বপূর্ণ চার দফা এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের বৈশ্বিক সংকটের কারণে জাতীয় অর্থনীতি ও বিদ্যুৎ খাতে সম্ভাব্য চাপ সামলাতে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমদানিনির্ভর জ্বালানির বিকল্প হিসেবে সরকারি সকল ভবন ও স্থাপনায় সৌর প্যানেল বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসরকারি খাতকেও সৌরবিদ্যুৎ উৎপাদনে এগিয়ে আসতে উৎসাহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রশাসনিক স্বচ্ছতা ও কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাঠ প্রশাসন থেকে সচিবালয় পর্যন্ত কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠকে উপস্থিত সচিবদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি সরকারি চাকরির শূন্য পদগুলো দ্রুত পূরণ এবং প্রতিটি সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণের তাগিদ দেওয়া হয়।
সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর বাস্তবায়ন নিয়ে সভায় বিশদ আলোচনা হয়। বিশেষ করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং ‘খাল খনন’ কর্মসূচির সঠিক বাস্তবায়নে বরাদ্দকৃত অর্থের স্বচ্ছ ব্যবহার ও প্রকৃত উপকারভোগী নির্বাচনে কোনো ধরনের অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর তদারকি বৃদ্ধি করে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়।
উল্লেখ্য, সর্বশেষ অন্তর্বর্তী সরকারের মেয়াদে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ সভায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা ও প্রশাসনিক গতি বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
Published with WpNewblog — www.rameshpoudel.com