৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ ও এআই ব্যবস্থাপনায় বাস্তবভিত্তিক কৌশলের পরামর্শ বিশেষজ্ঞদের

wnb news 1793242958 sOlMXf

বাংলাদেশের পরবর্তী প্রজন্মের ডিজিটাল অবকাঠামো গড়ে তুলতে অন্ধভাবে নতুন প্রযুক্তি গ্রহণের বদলে দেশের বর্তমান নেটওয়ার্ক সক্ষমতা, গ্রাহক চাহিদা ও বাস্তব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি অনুষ্ঠিত ‘বাংলাদেশ টেককানেক্ট ২০২৬’-এর এক প্যানেল আলোচনায় বক্তারা ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, বিদ্যমান নেটওয়ার্ক পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রয়োগ এবং উদীয়মান নেটওয়ার্ক সেন্সিং প্রযুক্তির সুরক্ষায় বাস্তবভিত্তিক কৌশল গ্রহণের ওপর জোর দেন।

প্রযুক্তির অগ্রাধিকারের ক্ষেত্রে তিনটি প্রধান দিকের কথা তুলে ধরা হয়। প্রথমত, ৫জি-অ্যাডভান্সডের মতো পরবর্তী ধাপে দ্রুত যাওয়ার আগে দেশের সর্বত্র ৫জি নেটওয়ার্কের বিস্তার ঘটানো, সাশ্রয়ী মূল্যে হ্যান্ডসেটের প্রাপ্যতা নিশ্চিত করা এবং শিল্প ও কৃষি খাতে ব্যবহারযোগ্য সেবা তৈরি করা প্রয়োজন। দেশে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ৫জি সেবার সূচনা হলেও এর বিস্তার এখনো সীমিত এবং মোবাইল ব্যবহারকারীদের একটি বড় অংশ মূলত ৪জি নেটওয়ার্কের ওপর নির্ভরশীল।

বর্তমানে দেশের টেলিকম খাতে সীমিত স্পেকট্রাম, উচ্চ জ্বালানি ব্যয় এবং বর্ষাকালে নেটওয়ার্ক অবকাঠামোর ওপর বাড়তি চাপের মতো নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে। এসব সংকট মোকাবিলায় এআই-চালিত ‘রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক (আরএএন) অপ্টিমাইজেশন’ এবং সমস্যা দেখা দেওয়ার আগেই রক্ষণাবেক্ষণ করার প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেওয়া হয়। বিশেষ করে বেস স্টেশনগুলোতে জ্বালানি সাশ্রয়ী অ্যালগরিদম ব্যবহার করতে পারলে অপারেটরদের পরিচালন ব্যয় কমার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থার ওপর বাড়তি চাপ হ্রাস পাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার (ইঅ্যান্ডও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ইকবাল আহমেদের সঞ্চালনায় আলোচনাটিতে সরকারি-বেসরকারি শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। এতে রবি আজিয়াটা পিএলসির প্রধান করপোরেট ও নিয়ন্ত্রকবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল আলম জানান, গত ১৫ বছর ধরে অবকাঠামো শেয়ারিংয়ের নীতিমালা থাকলেও সুস্পষ্ট বাধ্যবাধকতার অভাবে এটি কার্যকর হয়নি। বাজারে অপ্রতিযোগিতামূলক আচরণ বন্ধে বিটিআরসির কাছে নেটওয়ার্কের সক্রিয় ও নিষ্ক্রিয় অবকাঠামো ভাগাভাগি বাধ্যতামূলক করার অনুরোধ জানান তিনি।

প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ডিজিটাল সেবা পৌঁছাতে স্থলভিত্তিক নেটওয়ার্কের সঙ্গে স্যাটেলাইট সেবার সমন্বয়ের পরামর্শ দেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মুহাম্মদ ইমাদুর রহমান। ভবিষ্যতের ৬জি প্রযুক্তির জটিলতা ও ইন্টারফেরেন্স সামলাতে বিটিআরসি, মোবাইল অপারেটর ও স্যাটেলাইট সেবাদাতাদের এখন থেকেই যৌথ সক্ষমতা বৃদ্ধির কাজ শুরু করার আহ্বান জানানো হয়। প্যানেলে হুয়াওয়ে দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট উ জি প্রযুক্তি দক্ষ জনবল তৈরি এবং বেস স্টেশনের ব্যাটারি স্থানীয়ভাবে উৎপাদনের ওপর জোর দেন।

আলোচনায় উদীয়মান ‘ইন্টিগ্রেটেড সেন্সিং অ্যান্ড কমিউনিকেশন’ বা নেটওয়ার্ক সেন্সিং প্রযুক্তি নিয়েও গুরুত্ব দেওয়া হয়, যেখানে একটি বেস স্টেশন যোগাযোগের পাশাপাশি ড্রোন শনাক্তকরণ কিংবা ট্রাফিক পর্যবেক্ষণে কাজ করতে পারবে। তবে এই প্রযুক্তির বৈশ্বিক মানদণ্ড ও গোপনীয়তার নীতিমালা এখনো রূপান্তর প্রক্রিয়ায় থাকায় তাৎক্ষণিক বাণিজ্যিক প্রয়োগ না করে পরীক্ষামূলক গবেষণা পরিচালনার পরামর্শ দেওয়া হয়। বক্তারা একমত হন যে, সমন্বিত নীতি ও স্থানীয় প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধিই টেকসই ডিজিটাল ভবিষ্যতের একমাত্র পথ।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Share Post:
Facebook
WhatsApp
Email
Telegram