
Blog
বাংলা কিউআর পেমেন্ট চালু করল রবি ও গ্রামীণফোন, যৌথ অংশীদারত্বে এমটিবি
5 November 2026 —
দেশে ক্যাশলেস ও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ এবং সর্বজনীন করতে মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসি ও গ্রামীণফোন পৃথকভাবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর সঙ্গে যৌথ অংশীদারত্বে বাংলা কিউআর পেমেন্ট সেবা চালু করেছে। এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা এখন থেকে কোনো নগদ অর্থ ছাড়াই নিজেদের পছন্দের ব্যাংক, মোবাইল আর্থিক সেবা (এমএফএস) কিংবা পেমেন্ট সেবা প্রদানকারী (পিএসপি) অ্যাপের সাহায্যে কিউআর কোড স্ক্যান করে বিল ও সেবা মূল্য পরিশোধ করতে পারবেন।
রাজধানীতে আয়োজিত পৃথক দুটি উদ্বোধন অনুষ্ঠানে নতুন এই সেবার আনুষ্ঠানিক সূচনা করা হয়। ঢাকার বনানীতে রবির কাস্টমার কেয়ার সেন্টারে এবং গুলশানে গ্রামীণফোন এক্সপেরিয়েন্স সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান এবং রবির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলমসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান জানান, একটি অন্তর্ভুক্তি ও টেকসই ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে প্রযুক্তি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বাংলা কিউআরের মতো আন্তঃব্যবহারযোগ্য পেমেন্ট ব্যবস্থা দেশের মানুষের দৈনন্দিন লেনদেনকে আরও সহজলভ্য ও নিরাপদ করবে। বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর’ ধারণার ওপর ভিত্তি করে বাস্তবায়িত এই উদ্যোগ জাতীয় ডিজিটাল লেনদেনের লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান ও রবির কর্মকর্তা সাহেদ আলম জানান, গ্রাহকদের কেনাকাটা ও সেবা নেওয়ার অভিজ্ঞতাকে স্বাচ্ছন্দ্যময় করাই এই প্রযুক্তির মূল লক্ষ্য। রবির দেশব্যাপী বিস্তৃত ওয়াক-ইন সেন্টার ও রিটেইল নেটওয়ার্ক এবং গ্রামীণফোনের এক্সপেরিয়েন্স সেন্টারগুলোতে বাংলা কিউআর যুক্ত হওয়ায় গ্রাহকদের নগদ টাকা বহন বা ভাঙতির জন্য অপেক্ষা করতে হবে না। এটি গ্রাহক, পরিবেশক এবং টেলিকম খাতের সামগ্রিক লেনদেন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে।
এমটিবির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান উল্লেখ করেন, ডিজিটাল পেমেন্টের বিকাশ নির্ভর করে লেনদেনের সহজতা ও নিরাপত্তার ওপর। ব্যাংকিং পেমেন্ট সক্ষমতার সঙ্গে টেলিকম অপারেটরগুলোর বিস্তৃত রিটেইল সংযোগকে কাজে লাগিয়ে গ্রাহকদের দৌড়গোড়ায় স্বাচ্ছন্দ্যদায়ক পেমেন্ট সমাধান পৌঁছাতে এই সহযোগিতা অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
Also read
- বায়ুমান পর্যবেক্ষণ প্রকল্প ‘ব্রিদিং ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা: সুবিধাবঞ্চিতদের বায়ুদূষণ তথ্য নিশ্চিতের উদ্যোগ
- রাইজ এআই: বাংলাদেশে ২৫টির বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে নতুন প্ল্যাটফর্মের যাত্রা
- ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী: ১২ নভেম্বর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ৬টি মেলা
- ওয়ার্ল্ডহোটেলস ডিজিটাল প্ল্যাটফর্মে ৭ কোটি গ্রাহক একীভূতকরণ ও বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা
- সাইবার নিরাপত্তা ও এআই খাতে সুইডেন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার
- বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬: রাজধানীতে আধুনিক সৌর প্রযুক্তির মেলা শুরু
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
