রানীখং মিশনের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার করলো দুর্গাপুর থানা পুলিশ
30 October 2026 —
নেত্রকোনার সীমান্তবেষ্টিত দুর্গাপুরে ঐতিহ্যবাহী রানীখং মিশনের চুরি হওয়া ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। চুরি যাওয়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পরিচালিত বিশেষ অভিযানে ব্রোঞ্জের তৈরি ঐতিহাসিক এই ধাতব ঘণ্টাটি উদ্ধার করে মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার সকালে চার্চ সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এটি উদ্ধার করা হলে স্থানীয় ধর্মপ্রাণ ভক্ত ও অধিবাসীদের মধ্যে ক্ষোভের অবসান ঘটে এবং স্বস্তি ফিরে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দুর্গাপুরের ঐতিহ্যবাহী রানীখং চার্চের দক্ষিণ-পশ্চিম সীমানার স্তম্ভ থেকে ব্রোঞ্জের তৈরি প্রায় ৪০ কেজি ওজনের ঐতিহ্যবাহী ঘণ্টাটি চুরি হয়ে যায়। গীর্জায় প্রার্থনাসঙ্গী ও ভক্তদের প্রবেশের আগে সংকেত হিসেবে ব্যবহৃত এই প্রাচীন সম্পদটি উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়। ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বিবেচনা করে দ্রুত এটি উদ্ধারের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।
চুরির অভিযোগ পেয়েই দুর্গাপুর থানা পুলিশ তৎক্ষণাৎ একটি বিশেষ টিম গঠন করে অনুসন্ধানে নামে। সীমান্ত এলাকার সম্ভাব্য স্থানগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। অবশেষে শুক্রবার সকাল ৯টার দিকে রানীখং মিশনের দক্ষিণ পাশে অবস্থিত একটি টেলিটক টাওয়ারের নিকট থেকে পরিত্যক্ত অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রসুল সায়েদী আজাদ জানান, পুলিশি তৎপরতার মুখে চোরচক্র ঘণ্টাটি ফেলে রেখে পালাতে বাধ্য হয়। আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার করা ঘণ্টাটি রানীখং মিশন কতৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় পুলিশ সচেষ্ট রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চার্চের মূল্যবান ঐতিহ্যবাহী সম্পদটি চুরির খবর পাওয়ার পরপরই অপরাধীদের ধরতে ও মালামাল উদ্ধারে বিশেষ অভিযান শুরু করা হয়। ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার করে মিশনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনার সাথে জড়িত চোরচক্রকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই কর্মকর্তা।
Published with WpNewblog — www.rameshpoudel.com