
Blog
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া শিগগিরই ওয়েবসাইটে উন্মুক্ত করছে সরকার
5 November 2026 —
সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া চূড়ান্ত করার আগে সাধারণ নাগরিক ও সাংবাদিকদের মতামত গ্রহণের জন্য তা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তাবিত এই সংশোধনীতে মোবাইল কোর্টের বিধান সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে এবং সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের গ্রেপ্তারের পূর্বে আদালতের পূর্বানুমতির শর্ত যুক্ত করা হচ্ছে। গত বুধবার সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খসড়া পর্যালোচনা কমিটির এক নীতিগত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম অংশগ্রহণ করেন। বৈঠকে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির পক্ষ থেকে সংশোধনীর খসড়া রূপরেখা তুলে ধরা হয়। তবে পূর্বনির্ধারিত দাপ্তরিক ব্যস্ততার কারণে বৈঠকে উপস্থিত হতে পারেননি তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এবং আইন মন্ত্রী মো. আসাদুজ্জামান।
বৈঠক সূত্রে জানা যায়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম যেন কোনো অনাকাঙ্ক্ষিত হয়রানির শিকার না হয়, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, সংবাদমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত সংবাদের কারণে কোনো সাংবাদিক, গণমাধ্যমের মালিক কিংবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে সংশ্লিষ্ট আদালতের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। একই সঙ্গে সাইবার স্পেসের সংজ্ঞা সম্প্রসারিত করে প্রচলিত ওয়েবসাইটের বাইরে বিভিন্ন সফটওয়্যার, ডিজিটাল প্রোগ্রাম ও মোবাইল অ্যাপ্লিকেশনের মতো আধুনিক বিষয়গুলোকে খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আইনে অপতথ্য ও গুজবের সংজ্ঞাকে আরও স্পষ্ট ও সুনির্দিষ্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে আইনের অস্পষ্টতার সুযোগে বাক্স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত না হয়। মানহানি, হেয় প্রতিপন্ন করা এবং সাইবার বুলিংয়ের অপরাধগুলোকে আলাদা ধারায় বিন্যস্ত করা হচ্ছে, যেখানে মানহানির দণ্ড প্রচলিত দণ্ডবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা হবে। এছাড়া ডিজিটাল কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে কারণ জানানো এবং ব্লক করা সামগ্রী পুনরুদ্ধারের আবেদনের নিষ্পত্তির জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণেরও প্রস্তাব রাখা হয়েছে।
সংশোধিত এই খসড়া আইন নিয়ে জাতিসংঘ, মেটা-সহ বিভিন্ন আন্তর্জাতিক অংশীজন ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে শিগগিরই বৈঠক করবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। নাগরিক অধিকার, বাক স্বাধীনতা এবং সাইবার নিরাপত্তার মধ্যে সঠিক ভারসাম্য রক্ষা করে একটি সময়োপযোগী সাইবার সুরক্ষা আইন প্রণয়নই এই খসড়া পরিমার্জনের মূল লক্ষ্য বলে বৈঠকে নেতৃবৃন্দ জানান।
Also read
- বাংলা কিউআর পেমেন্ট চালু করল রবি ও গ্রামীণফোন, যৌথ অংশীদারত্বে এমটিবি
- বায়ুমান পর্যবেক্ষণ প্রকল্প ‘ব্রিদিং ঢাকা’র আনুষ্ঠানিক যাত্রা: সুবিধাবঞ্চিতদের বায়ুদূষণ তথ্য নিশ্চিতের উদ্যোগ
- রাইজ এআই: বাংলাদেশে ২৫টির বেশি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল নিয়ে নতুন প্ল্যাটফর্মের যাত্রা
- ঢাকায় আন্তর্জাতিক প্রদর্শনী: ১২ নভেম্বর থেকে আইসিসিবিতে শুরু হচ্ছে ৬টি মেলা
- ওয়ার্ল্ডহোটেলস ডিজিটাল প্ল্যাটফর্মে ৭ কোটি গ্রাহক একীভূতকরণ ও বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা
- সাইবার নিরাপত্তা ও এআই খাতে সুইডেন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
