
Blog
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে শাসনব্যবস্থা ও কর্মপ্রবাহে পরিবর্তনের তাগিদ বিটিআরসি প্রধানের
11 November 2026 —
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র কার্যকর ও সুষম প্রয়োগ নিশ্চিত করতে কেবল প্রযুক্তি ও অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি যথেষ্ট নয়, বরং দেশের প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা ও দৈনন্দিন কর্মপ্রবাহে আমূল রূপান্তর আনা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত গ্রামীণফোনের ‘ফিউচারমেকার্স’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই মত প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তির সুফল পাওয়ার পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে মানুষের চিন্তাধারা ও প্রশাসনিক কাঠামোর প্রাতিষ্ঠানিক আধুনিকায়ন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ব উদ্ভাবন সূচকে (গ্লোবাল ইনোভেশন ইনডেক্স) বাংলাদেশের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিটিআরসি প্রধান। তিনি জানান, দেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী ও প্রযুক্তিপ্রেমী হওয়া সত্ত্বেও বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে উদ্ভাবন সূচকে বাংলাদেশের অবস্থান ১০৫তম। দেশে অবকাঠামোগত অবস্থান ৮৪তম স্থানে থাকলেও মানবসম্পদ সূচকে বাংলাদেশ রয়েছে ১২৭তম স্থানে। এই পরিসংখ্যান প্রযুক্তিগত অবকাঠামো এবং দেশের প্রযুক্তিপ্রেমী তরুণদের মধ্যে বড় ধরনের সংযোগহীনতা তুলে ধরে। টেলিকম খাতের অবকাঠামোগত অগ্রগতি কেবল ডেটা কনজাম্পশনে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক ব্যবহারকারীদের প্রকৃত চাহিদা মেটাতে অপটিমাইজ করার পরামর্শ দেন তিনি।
কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার ক্ষেত্রে তিন স্তরের একটি নীতিগত কাঠামো প্রস্তাব করেন বিটিআরসি চেয়ারম্যান। ‘অ্যাক্সিলারেটর, ক্লাচ ও ব্রেক’ শীর্ষক এই মডেলে তিনি ব্যাখ্যা করেন, কোন খাতগুলোতে দ্রুত প্রযুক্তি যুক্ত করা উচিত, কোথায় কর্মীদের না ছাঁটাই করে প্রযুক্তিকে তাদের সহায়ক হিসেবে ব্যবহার করতে হবে এবং কোন স্পর্শকাতর ক্ষেত্রে কঠোর আইনি নিয়ন্ত্রণ জরুরি। বিশেষ করে বিশেষজ্ঞের ঘাটতি রয়েছে এমন স্বাস্থ্য ও কৃষি খাতে দ্রুত এআই ব্যবহারের তাগিদ দেন তিনি। উদাহরণ হিসেবে তিনি আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) কথা তুলে ধরেন, যেখানে মাত্র ৬০ সেকেন্ডে এক্স-রে প্রতিবেদন বিশ্লেষণ করা সম্ভব হচ্ছে।
প্রযুক্তির কারণে কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব প্রসঙ্গে এমদাদ উল বারী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নতুন কিছু উদ্ভাবন করে না, উদ্ভাবন করে মানুষ। এটি মূলত কাজের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। তৈরি পোশাকশিল্প ও কলসেন্টারের মতো বৃহৎ কর্মসংস্থাননির্ভর খাতে ঢালাও কর্মী ছাঁটাই না করে কর্মীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর হাতিয়ার হিসেবে এআই ব্যবহারের আহ্বান জানান তিনি। মানুষের আবেগ ও জটিল সিদ্ধান্ত কেবল এআই দিয়ে নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে তিনি প্রযুক্তিকে বিকল্প না ভেবে মানুষের সহায়িকা করার ওপর জোর দেন। একই সঙ্গে মানবাধিকার ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি থাকা ক্ষেত্রগুলোতে অ্যালগরিদমিক সিদ্ধান্ত কঠোরভাবে পর্যবেক্ষণের পরামর্শ দেন।
শিল্প রূপান্তরের উদাহরণ টেনে বিটিআরসি চেয়ারম্যান বলেন, বিদ্যুৎ আসার পর শুধুই স্টিম ইঞ্জিন বদলে ইলেকট্রিক মোটর বসালে উৎপাদন বাড়ে না, বরং পুরো কারখানা এবং উৎপাদন পদ্ধতি পুনর্গঠন করতে হয়েছিল। ঠিক একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা যুগেও পুরানো কর্মপদ্ধতি পুরোপুরি বদলে ফেলা আবশ্যক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেনসহ করপোরেট খাতের শীর্ষ ব্যক্তিরা, যারা দেশের সুষম ও নৈতিক ডিজিটাল রূপান্তরের বিষয়ে আলোচনা করেন।
Also read
- রক্তখুঁজি ওয়েবসাইট উদ্বোধন: স্বেচ্ছায় রক্তদানে ড্রিমফিল যুবসমাজের বিশেষ উদ্যোগ
- তথ্য আপা প্রকল্প: ফরিদগঞ্জে জনবল সংকট ও ভুল অবস্থানে সেবা ব্যাহত
- এআই ডেটা সেন্টারের জ্বালানি ঘাটতি মেটাতে ৩৪০ কোটি ডলারের চুক্তি অ্যানথ্রোপিকের
- চিকিৎসায় ডলার ছাড়ের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক
- বিসিসি এআই প্রশিক্ষণ: সরকারি-বেসরকারি ১৯ কর্মকর্তাকে দেয়া হচ্ছে অপতথ্য রোধ ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষ দক্ষতা
- সফোস ফায়ারওয়াল ভি২৩ উন্মোচন: এআই যুগের নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি
Published with WpNewblog — www.rameshpoudel.com
Share Post:
Recent Post



আইইবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় চুয়েট সাংবাদিক সমিতির সাবেক দুই সদস্য
