Marketing

ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ শুরু হলো দেশের ৬৪ জেলায়

wnb news 1790964914 iGGUeg

দেশের তরুণদের বৈশ্বিক প্রযুক্তি বিপ্লব ও গিগ ইকোনমির উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে দেশের সব ৬৪ জেলায় একযোগে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোলা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির অনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জুম প্ল্যাটফর্মের মাধ্যমে সারাদেশের ৬৪ জেলার উপপরিচালক, প্রকল্প কর্মকর্তা এবং ৬ হাজার ৪০০ জন প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি যুক্ত হন।

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত ‘৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় শুরু হওয়া অষ্টম ব্যাচে ৪ হাজার ৮০০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অন্যদিকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি জ্ঞানে দক্ষ যুবদের দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ নিচ্ছেন ১ হাজার ৬০০ জন তরুণ-তরুণী।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তির যে নতুন জোয়ার তৈরি হয়েছে, তার সুবিধা নিতে হলে দেশের তরুণ সমাজকে বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ হতে হবে। অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে তরুণদের নিজস্ব কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি জাতীয় অর্থনীতিতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, বিশ্ব শ্রমবাজারের চাহিদা মাথায় রেখে তরুণদের প্রস্তুত করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। প্রশিক্ষণের গুণগত মান বজায় রাখার পাশাপাশি কোর্স সম্পন্নকারীদের পরবর্তী কর্মসংস্থানের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম জানান, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সফল হতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। প্রশিক্ষণ শেষে নতুনদের আন্তর্জাতিক মার্কেটপ্লেসে কাজ পেতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও মেন্টরিং সেবা প্রদান করা হবে।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ১৮ জন সফল ফ্রিল্যান্সার এবং এআই প্রশিক্ষণের প্রথম ব্যাচের ৬ জন সফল শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিভাগের সর্বোচ্চ উপার্জনকারী পাঁচজন দক্ষ ফ্রিল্যান্সারকে সাফল্য বিনিময়ের স্বীকৃতি হিসেবে ল্যাপটপ পুরস্কার দেওয়া হয়।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *