ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি গঠন: সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক মানিক
1 November 2026 —
অনলাইন গণমাধ্যম এবং ডিজিটাল সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় সামাজিক সংগঠন ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর ২০২৬–২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ‘দ্য বিজনেস ডেইলি’-র মো. দেলোয়ার হোসেন সভাপতি এবং ‘গ্লোবাল টেলিভিশন’-এর মহিউদ্দিন মানিক সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে এ নতুন নতুন পরিচালনা পর্ষদ।
রাজধানী ঢাকার বনশ্রীতে অবস্থিত ডিজিটাল মিডিয়া ফোরামের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত ফোরামের সদস্যদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এক সাধারণ সভার মাধ্যমে নতুন এই নেতৃত্বের তালিকা চূড়ান্ত করা হয়। সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ‘রুপালী বাংলাদেশ’-এর তানজীদ মির্জা, ‘ডিবিসি নিউজ’-এর আরেসুল ইসলাম রাসেল এবং ‘জাগো নিউজ’-এর পরান মাঝি। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘দৈনিক নয়া দিগন্ত’-এর সৈয়দ জাফরান হোসেন নূর এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘বাংলাভিশন’-এর মোরশেদ আলম দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত এ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে ‘দুর্বীন নিউজ’-এর মো. সামছুল আলম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে ‘সদ্য সংবাদ’-এর মিথুন মনোনীত হয়েছেন। অর্থ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ‘দীপ্ত টিভি’-র মঈন উদ্দিন রাতুল এবং সহ-অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক যুগান্তর’-এর রুহুল আমিন। দাপ্তরিক দায়িত্ব পালনে দপ্তর সম্পাদক পদে ‘টাইমস টুডে’-র মেহেদী হাসান রনি এবং উপ-দপ্তর সম্পাদক পদে ‘চ্যানেল ওয়ান’-এর মারুফ হোসেনকে মনোনীত করা হয়েছে।
অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে আইন বিষয়ক সম্পাদক হিসেবে ‘গ্লোবাল টিভি’-র আলাউদ্দিন আল আজাদ, প্রচার সম্পাদক হিসেবে ‘চ্যানেল ওয়ান’-এর আলাউদ্দিন মিয়া, নারী বিষয়ক সম্পাদক পদে ‘ভিওডি বাংলা’-র নূরুন্নাহার চৌধুরী কলি, এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ‘এখন টিভি’-র তৌহিদুল ইসলাম তারেক মনোনীত হয়েছেন। শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হয়েছেন ‘এশিয়া পোস্ট’-এর আজাদ হোসেন, আইসিটি সম্পাদক ‘ইনডিপেনডেন্ট টেলিভিশন’-এর মোহাম্মদ তৌহিদুল ইসলাম তুষার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ‘দ্য ডেইলি অ্যালাইভ’-এর মোহাম্মদ আবদুল মজিদ সুজন, ক্রীড়া সম্পাদক ‘চ্যানেল আই’-এর আবু রায়হান ইফাত, পরিকল্পনা সম্পাদক ‘স্বদেশ প্রতিদিন’-এর রবিউল ইসলাম এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ‘এনপিবি নিউজ’-এর শিবলী আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক ইত্তেফাক’-এর ফখরুল ইসলাম, ‘দৈনিক যুগান্তর’-এর আবু সালেহ মুসা, ‘টাইমস টুডে’-র ওয়ালিউল হাসনাত, ‘জাতীয় অর্থনীতি’-র নুসরাত জাহান ঐশী, ‘দৈনিক সময়ের কাগজ’-এর তবারক হোসেন এবং ‘এশিয়ান টেলিভিশন’-এর আকাশ বিশ্বাস। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে নতুন এই পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ফোরামের উপদেষ্টা ও ‘দৈনিক ইনকিলাব’-এর অনলাইন ইনচার্জ নুরুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্য ও ‘স্টার নিউজ’-এর ডিজিটাল প্রধান মঈন বকুল এবং ‘বাংলা ৫২ নিউজ’-এর প্রকাশক কাজী আওলাদ হোসেন। নবনির্বাচিত কমিটি দেশে বস্তুনিষ্ঠ ডিজিটাল সাংবাদিকতার চর্চা বৃদ্ধি ও সংবাদকর্মীদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ফোরামের সদস্যরা।
Published with WpNewblog — www.rameshpoudel.com