Marketing

টরন্টো বাংলাদেশ কনস্যুলেট: গুগল ম্যাপে ৪.৮ রেটিং পেয়ে বিশ্বমঞ্চে অনন্য নজির

image (2)

কানাডার টরন্টোস্থ টরন্টো বাংলাদেশ কনস্যুলেট জেনারেল গুগল ম্যাপে তিন হাজারেরও বেশি সেবাপ্রত্যাশীর ইতিবাচক পর্যালোচনার ভিত্তিতে ৫-এর মধ্যে ৪.৮ রেটিং অর্জন করে কূটনৈতিক সেবা প্রদানে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। বিশ্বব্যাপী পরিচালিত বিভিন্ন দেশের আন্তর্জাতিক মিশনগুলোর মধ্যে সেবাগ্রহীতাদের সর্বোচ্চ জনতুষ্টি ও রেটিং অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের এই মিশনটি এক নতুন নজির স্থাপন করেছে। গত ২৮ অক্টোবর কনস্যুলেট কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

কনস্যুলেট সূত্রে জানা গেছে, সেবাগ্রহীতা প্রবাসীদের দীর্ঘদিনের সময়, অতিরিক্ত যাতায়াত খরচ এবং শারীরিক ভোগান্তি কমাতে সাম্প্রতিক সময়ে মিশনটি বেশ কিছু যুগান্তকারী ও প্রবাসবান্ধব সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। এর মধ্যে কানাডার দূরবর্তী বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রবাসী বাংলাদেশিদের জন্য একই দিনে ‘নো ভিসা রিকোয়ার্ড’ (এনভিআর) অনুমোদন, পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন এবং প্রয়োজনীয় নথিপত্র সত্যায়ন করার বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছে। ফলে দূর-দূরান্তের নাগরিকদের আর বারবার অফিসে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না।

পাশাপাশি সাধারণ ও জরুরি কনস্যুলার সেবাগ্রহীতাদের সুবিধার কথা চিন্তা করে পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাধ্যবাধকতা অনেকাংশে শিথিল করা হয়েছে। এর ফলে জরুরি প্রয়োজনে দূর থেকে আসা সেবাগ্রহীতারা সরাসরি অফিসে উপস্থিত হয়েই অল্প সময়ে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত কাজ শেষ করতে পারছেন। প্রবাসীদের সুবিধার্থে গৃহীত এসব ত্বরান্বিত পদক্ষেপের ফলে ডিজিটাল মাধ্যমে প্রবাসীদের সন্তুষ্টি বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা পরবর্তীতে গুগল ম্যাপসের মত উন্মুক্ত প্ল্যাটফর্মে প্রতিফলিত হয়েছে।

যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণ ও প্রবাসীদের তথ্যসংক্রান্ত জটিলতা দূর করতে প্রযুক্তিভিত্তিক বেশ কিছু সেবা যুক্ত করেছে টরন্টোর এই মিশন। এর মধ্যে রয়েছে সহজ বোধ্য নির্দেশনাসহ ব্যবহারবান্ধব ডিজিটাল ওয়েবসাইট, আবেদনের নথি সহায়তার জন্য বিশেষায়িত পরামর্শকেন্দ্র এবং অনলাইন ভিডিও লাইব্রেরি। যোগাযোগের গতি বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট ব্যবস্থা, বিশেষ হটলাইন সেবা এবং সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরাসরি প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হচ্ছে, যার মাধ্যমে প্রবাসীরা তাৎক্ষণিকভাবে তাঁদের প্রশ্নের উত্তর ও সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন।

টরন্টো কনস্যুলেট কর্তৃপক্ষ জানায়, গুগল ম্যাপসের উন্মুক্ত রিভিউগুলোকে তাঁরা কেবল অর্জনের সনদ হিসেবে বিবেচনা করছে না; বরং অভ্যন্তরীণ কোনো দুর্বলতা থাকলে তা চিহ্নিত করে সেবা আরও পরিশীলিত করার অন্যতম মাধ্যম হিসেবে দেখছে। গুগল ম্যাপসে অফিসের সময়সূচি নিখুঁতভাবে হালনাগাদ রাখার পাশাপাশি যেকোনো জটিল সমস্যায় কনসাল জেনারেলের সাথে সরাসরি কথা বলার সুযোগ তৈরি করায় সেবাপ্রার্থীদের আস্থা দ্বিগুণ হয়েছে।

মিশনের এই অভূতপূর্ব সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে কনসাল জেনারেল মোঃ শাহ আলম খোকন বলেন, প্রবাসীদের সরাসরি স্বতঃস্ফূর্ত মূল্যায়নে অর্জিত এই উচ্চ রেটিং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বহুগুণ উজ্জ্বল করেছে। এটি বহির্বিশ্বে প্রবাসী নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কনস্যুলেট জেনারেল, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের ধারাবাহিক প্রচেষ্টা ও সুদৃঢ় অঙ্গীকারের ফলপ্রসূ বাস্তবায়ন।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *