Marketing

সাইবার সচেতনতা কর্মশালা: ১,১০০ ছাত্রীকে নিরাপদ লেনদেনের প্রশিক্ষণ দিল সিআইডি ও বিকাশ

wnb news 1793059369 vVDinq

শিক্ষার্থীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে সচেতন করতে এবং আর্থিক লেনদেনের সাইবার ঝুঁকি মোকাবিলায় এক বিশেষ সাইবার সচেতনতা কর্মশালা সম্পন্ন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিকাশ। ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া ও শামসুন নাহার হলের প্রায় ১,১০০ জন শিক্ষার্থী এই যৌথ সচেতনতামূলক সেশনে অংশগ্রহণ করেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল তরুণদের ডিজিটাল স্পেসে ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অনলাইন প্রতারণা চেনা এবং নিরাপদ মোবাইল ব্যাংকিং ব্যবস্থার নানা কৌশল শেখানো।

সাম্প্রতিক সময়ে প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ফিশিং ও ওটিপি প্রতারণার মতো ডিজিটাল অপরাধ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কর্মশালায় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ও বিকাশের এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা বাস্তব জীবনের বিভিন্ন কেস স্টাডি তুলে ধরে শিক্ষার্থীদের অনলাইন ঝুঁকির বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে ডিজিটাল আর্থিক সেবায় পিন (PIN) ও ওটিপি (OTP)-এর গোপনীয়তা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ, তা ব্যাখ্যা করা হয়।

কর্মশালায় আগত প্রযুক্তি বিশেষজ্ঞরা প্রলোভনমূলক বিজ্ঞাপনে না ভোলার পরামর্শ দেন এবং সন্দেহজনক ফিশিং লিংক চেনার উপায় বিস্তারিত আলোচনা করেন। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিংবা অনিয়ম পরিলক্ষিত হলে তা দ্রুত সময় আইনশৃঙ্খলা বাহিনী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দাপ্তরিক চ্যানেলে জানানোর আহ্বান জানানো হয়। পাশাপাশি, অনলাইন মাধ্যমে কোনো তথ্য ছড়ানোর আগে তার সত্যতা যাচাই করার মাধ্যমে যেকোনো গুজব প্রতিহত করার দিকনির্দেশনা দেওয়া হয়।

এই সিরিজের প্রথম আয়োজনটি শুরু হয় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজে, যেখানে প্রায় ৬৫০ জন শিক্ষার্থী অংশ নেন। সেখানে সিআইডির সিপিসির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম ডিজিটাল নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন সিআইডির সিপিসির ডিআইজি সানা শামীমুন রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন বিকাশের ইভিপি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান মেজর (অব.) এ কে এম মনিরুল করিম।

পরবর্তী ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও শামসুন নাহার হলে দুটি পৃথক সেশন আয়োজিত হয়। এই পর্বগুলোতে সাড়ে চারশত শিক্ষার্থী সরাসরি অংশ নেন। সেশনগুলোতে সিআইডির সিপিসির ভারপ্রাপ্ত ডিআইজি মো. সফিউদ্দিন শাহীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেন। রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরীন সুলতানা নিজ নিজ সেশনে সভাপতিত্ব করেন।

আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের তরুণ প্রজন্মকে সাইবার অপরাধ থেকে নিরাপদ রাখতে পর্যায়ক্রমে সারা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এই কর্মশালা সম্প্রসারণ করা হবে। উল্লেখ্য, নিরাপদ ডিজিটাল ফিন্যান্সিয়াল পরিবেশ নিশ্চিতের প্রয়াসে ২০১৭ সাল থেকে পুলিশ, ডিবি, সিআইডি ও পিবিআইয়ের সঙ্গে নিয়মিত যৌথ সচেতনতামূলক উদ্যোগ পরিচালনা করে আসছে বিকাশ।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *