ডিজিটাল টিকিটিং ব্যবস্থা বদলে দেবে দেশের পরিবহন খাত: বিশেষজ্ঞ গোলটেবিল আলোচনা
19 September 2026 —
ডিজিটাল টিকিটিং ব্যবস্থার মাধ্যমে দেশের গণপরিবহন খাতে আমূল পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ ও নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। প্রচলিত কাগজের টিকিটের ওপর নির্ভরতা কমিয়ে একটি সমন্বিত ডিজিটাল আর্কিটেকচার, যাত্রী চলাচলের তথ্যের প্রযুক্তিগত বিশ্লেষণ এবং নিরাপদ অনলাইন পেমেন্ট সুবিধা চালু করার ওপর বিশেষ জোর দিয়েছেন তারা। সম্প্রতি রাজধানীর আমারি ঢাকা হোটেলে ‘ডিজিটাল টিকিটিং টু ট্রান্সফর্ম লাইভস, পাওয়ার্ড বাই সহজ’ শীর্ষক এক উচ্চপর্যায়ের গোলটেবিল আলোচনায় বক্তারা এসব অভিমত তুলে ধরেন।
নতুন নীতি সংলাপ প্ল্যাটফর্ম বেঞ্চমার্ক ডায়ালগ-এর উদ্যোগে এবং পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্ক ও অনলাইন প্ল্যাটফর্ম সহজের যৌথ সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেঞ্চমার্ক ডায়ালগের চেয়ারম্যান আশরাফ কায়সার। আলোচনায় স্বাগত বক্তব্য দেন সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল (অব.) মো. আমিনুল হক এবং দেশের টিকিট ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরেন সহজের পরিচালক শাকিল জোয়াদ রহিম।
অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. ফাহমিদা খাতুন বলেন, ব্যাংকিং ও রাজস্ব খাতের মতো পরিবহন খাতও দ্রুত ডিজিটালাইজড হচ্ছে। তবে এ ক্ষেত্রে তথ্যের গোপনীয়তা ও সাইবার নিরাপত্তা সুসংহত করা অত্যন্ত জরুরি, যাতে গ্রাহকের মধ্যে কোনো নতুন উৎকণ্ঠা বা ডিজিটাল বিভাজন তৈরি না হয়। তিনি প্রক্রিয়াটিকে সর্বজনীন ও হয়রানি মুক্ত করার আহ্বান জানান।
তথ্যপ্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দিন জানান, সরকারি ভিশন অনুযায়ী একটি সমন্বিত একক সিস্টেম গড়ে তোলা প্রয়োজন, যার পেছনে একাধিক সেবাদাতা ও পেমেন্ট মাধ্যম যুক্ত থাকবে। বিআরটিসির প্রতিনিধি জানান, তাদের বিশেষ বাসগুলোতে শতভাগ অনলাইন পদ্ধতি চালু থাকায় সরকারি কোষাগারে সঠিক অর্থ জমার আস্থা তৈরি হয়েছে। পাশাপাশি বুয়েটের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে ব্যস্ত রুটের সঠিক পরিবহন পরিকল্পনা সাজানোর তাগিদ দেন।
ভোক্তা অধিকার রক্ষা এবং পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম শফিকুজ্জামান ই-কমার্সের অভিজ্ঞতা থেকে পুরো প্রক্রিয়া স্বয়ংক্রিয় করার তাগিদ দেন। অন্যদিকে এফবিসিসিআই ও পরিবহন খাতের প্রতিনিধিরা যত্রতত্র টিকিট কাউন্টার বন্ধ করে টার্মিনালভিত্তিক আধুনিকায়ন, ক্যাশলেস লেনদেন এবং একটি সমন্বিত ‘ইউনি-কার্ড’ চালুর পক্ষে মত প্রকাশ করেন।
পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ধারাবাহিক এই সংলাপের পরবর্তী ধাপে রাজস্ব আদায় এবং অটোমেশনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলে যৌথ আয়োজক সূত্রে জানানো হয়েছে।
Published with WpNewblog — www.rameshpoudel.com