Marketing

স্বাস্থ্যসেবায় এআই প্রশিক্ষণ দিল ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, সনদ পেলেন ৪০ চিকিৎসক

wnb news 1791050947 PCgJa6

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফলভাবে সম্পন্ন হয়েছে স্বাস্থ্যসেবায় এআই প্রশিক্ষণ কর্মসূচি। ‘এআই ফর হেলথকেয়ার প্রফেশনালস’ শীর্ষক দুই মাসব্যাপী এই প্রশিক্ষণ শেষে শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে সেমিনার ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ৪০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা পেশাজীবী এবং হাসপাতাল ব্যবস্থাপনার প্রতিনিধি অংশ নেন।

চিকিৎসা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ, ক্লিনিক্যাল কর্মদক্ষতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য উপযোগী প্রযুক্তি সমাধান তৈরির লক্ষ্য নিয়ে এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য অ্যাডভাইজার (স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ এবং ড্যাফোডিল গ্রুপের ‘স্কিল জবস’ যৌথভাবে প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফল অংশগ্রহণকারীদের হাতে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশন-এর উপদেষ্টা এবং জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক ড. গিয়াস ইউ. আহসান।

বক্তারা জানান, বর্তমান বিশ্বে চিকিৎসাসেবা দ্রুত ও নিখুঁত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ক্ষেত্রে তথ্য সুরক্ষা ও নৈতিক দিকটি বজায় রাখা অত্যন্ত জরুরি। এআই প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে কীভাবে রোগ নির্ণয় ও হাসপাতাল ব্যবস্থাপনা সহজ করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা পান প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নির্মিত সেরা তিনটি এআই-ভিত্তিক স্বয়ংক্রিয় সহকারী (অটোমেটেড অ্যাসিস্ট্যান্ট) প্রদর্শন করা হয়। প্রযুক্তি ও স্বাস্থ্য খাতের যৌথ এই প্রয়াসকে সাধুবাদ জানিয়ে আয়োজকরা জানান, এ প্রশিক্ষণ চিকিৎসকদের দৈনন্দিন কাজের গতি ও নির্ভুলতা বহুগুণ বাড়াতে সহায়তা করবে।

সেমিনারে আরও বক্তব্য দেন ড্যাফোডিল ট্রাস্টি বোর্ডের সদস্য আকিব আরাফাত খান, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরী এবং স্কিল জবসের বিজনেস হেড মনোয়ারুল ইসলাম রেবেলসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা।

Published with WpNewblog — www.rameshpoudel.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *