Gemini 4 Argon: গুগলের সর্বাধুনিক ও শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল উন্মোচন
2 October 2026 —
প্রযুক্তি বিশ্বে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করতে গুগলের অভিভাবক প্রতিষ্ঠান অ্যালফাবেট আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল Gemini 4 Argon। কোডিং, প্রাতিষ্ঠানিক গবেষণা এবং কনটেন্ট তৈরির পাশাপাশি এই নতুন মডেলটির মূল মূল চালিকাশক্তি হিসেবে যুক্ত করা হয়েছে উন্নত সাইবার নিরাপত্তা ব্যবস্থা। আধুনিক প্রযুক্তি বিশ্বে ডিজিটাল নিরাপত্তা জোরদার এবং জটিল সফটওয়্যার সুরক্ষা নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, গুগলের বিশেষ সাইবার নিরাপত্তা উদ্যোগ ‘ফেয়ারউইন্ড প্রোগ্রাম’-এর আওতায় নির্বাচিত কিছু প্রাতিষ্ঠানিক অংশীদারকে প্রাথমিকভাবে Gemini 4 Argon ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে। এই প্রযুক্তিটি মূলত প্রতিরক্ষামূলক সাইবার সুরক্ষার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সফটওয়্যারের যেকোনো জটিল নিরাপত্তা ত্রুটি সয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে, সেগুলোর ঝুঁকি বিশ্লেষণ করে এবং তা সমাধানে দ্রুত কার্যক্ষম নিরাপত্তা প্যাচ তৈরি করে প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করতে সাহায্য করে।
সাইবার নিরাপত্তার বাইরে প্রোগামিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং খাতেও অভূতপূর্ব কার্যক্ষমতা দেখিয়েছে Gemini 4 Argon। গুগল জানিয়েছে, তাদের নিজস্ব প্রকৌশলীরা ইতিমধ্যেই প্রতিদিনের কাজের অংশ হিসেবে ডেবাগিং এবং সিস্টেমের জটিল কোডবেস এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের কাজে মডেলটি নিয়মিত ব্যবহার করছেন। এছাড়া দীর্ঘমেয়াদী ভিডিও বিশ্লেষণ এবং জটিল চার্টসহ যেকোনো দৃশ্যমান তথ্য বা ভিজ্যুয়াল ডেটা দ্রুত প্রক্রিয়াজাতকরণে মডেলটি অত্যন্ত দক্ষ।
আন্তর্জাতিকভাবে এআই মডেল মূল্যায়নকারী প্রযুক্তি সংস্থা ‘ভালস’ (VALS)-এর সর্বশেষ র্যাংকিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে Gemini 4 Argon। বৈশ্বিক পারফরম্যান্স বিচারে এটি প্রতিযোগী প্রতিষ্ঠান ওপেনএআই-এর ‘জিটিপি-৬ অ্যাস্ট্রা’ এবং অ্যানথ্রোপিকের ‘ফেবল’ ও ‘ওপাস’ মডেলগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছে। এর মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবন ও গভীর যুক্তিনির্ভর কাজের সক্ষমতায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখল গুগল।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্বব্যাপী প্রতিযোগিতায় শুরুতে কিছুটা শ্লথগতির মনে হলেও সম্প্রতি বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে প্রযুক্তি দানব গুগল। গত আগস্টে তাদের তৈরি ‘জেমিনি’ অ্যাপ্লিকেশনটি প্রতি মাসে ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে, যা সরাসরি টেক্কা দিচ্ছে ওপেনএআই-এর চ্যাটজিপিটিকে। এবার নতুন ও অত্যন্ত শক্তিশালী এই সংস্করণ চালুর মাধ্যমে বৈশ্বিক এআই বাজারে নিজেদের অবস্থান আরও সুসংহত করল অ্যালফাবেট।
Published with WpNewblog — www.rameshpoudel.com